খালেদ মাসুদ::
গত কয়েকদিন ধরে একটি বিষয় বেশ চোখে পড়ছে। জুড়ীর কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিগত স্বৈরাচারী শাসনামলে বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই ছবিগুলোকে কেন্দ্র করে অনেকে নানা ধরনের কটূক্তি ও রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হচ্ছেন। এসব ছবি এবং ছবিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই।
বিগত স্বৈরাচারী শাসনামলে বর্তমান বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা সাহেব এবং সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ভাই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, বাকি ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একমাত্র সাগরনাল ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী আব্দুর নুর ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
একটি ইউনিয়ন পরিচালনা করতে গেলে বিভিন্ন মত ও দলের জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, যোগাযোগ করা কিংবা বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া খুবই স্বাভাবিক বিষয়। সেখানে ছবি থাকতেই পারে। তাতে সমস্যাটা কোথায়? শুধু একসঙ্গে ছবি থাকলেই কি কেউ স্বৈরাচারের দোসর হয়ে যায়?
না ভাই, বিষয়টি এতটা সরল নয়। যারা প্রকৃত অর্থে স্বৈরাচারের দোসর কিংবা গোপন সহযোগী, তারা নিজেদের কর্মকাণ্ড প্রকাশ্যে প্রদর্শন করে বেড়ায় না। বরং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখার ছবিকে দালালির প্রমাণ হিসেবে দাঁড় করানো কতটা যৌক্তিক, সেটিও ভাবার বিষয়।
রাজনীতির মাঠের বাইরে কি আমাদের ব্যক্তিগত, সামাজিক কিংবা মানবিক কোনো সম্পর্ক থাকতে পারে না?
আমার দলের মানুষ হলেই সে আমার ভাই, তার সঙ্গে কথা বলা যাবে, একসঙ্গে চা খাওয়া যাবে, ছবি তোলা যাবে। কিন্তু অন্য দলের হলে তার সঙ্গে কথা বলা যাবে না, কোনো সম্পর্ক রাখা যাবে না—রাজনীতির এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আজকাল এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দুজন বন্ধু একসঙ্গে ছবি তুলতেও ভয় পান। কারণ, সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হয়তো রাজনৈতিক পদ-পদবি নিয়ে প্রশ্ন উঠবে! কেন ভাই? একজন বন্ধুর সঙ্গে কিংবা এলাকার কোনো বড় ভাইয়ের সঙ্গে ছবি তুললেই যদি তাকে অন্য দলের দালাল প্রমাণ করা যায়, তাহলে বুঝতে হবে আমাদের রাজনৈতিক বিবেচনাবোধ কতটা সংকীর্ণ হয়ে পড়েছে।
একটি উদাহরণ দিই। ধরুন, আমি এবং আমার বন্ধু দুই ভিন্ন রাজনৈতিক দলের। তার দল সরকারে, আর আমার দল বিরোধী দলে। এখন সরকার যে রাস্তা নির্মাণ করেছে, সেটি কি শুধু আমার বন্ধু ব্যবহার করবে? আমি করতে পারব না? যে সংবিধান তাকে নাগরিক অধিকার দিয়েছে, সেই সংবিধান কি আমাকে অধিকারবঞ্চিত করেছে? রাষ্ট্রকে কর ও ভ্যাট দুজনকেই দিতে হবে, নাগরিক সুযোগ-সুবিধাও দুজনেরই প্রাপ্য।
তাহলে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব কিংবা সামাজিক সম্প্রীতি নষ্ট হবে কেন?
যে রাজনীতি আমাকে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে বাধা দেয়, বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে ভয় দেখায়, যে রাজনীতি ঐক্যের পরিবর্তে বিভক্তি খোঁজে—আমি সেই রাজনীতিকে ঘৃণা করি।
মনে রাখতে হবে, এটি কোনো একক রাজনৈতিক দলের জনপদ নয়; এটি আমাদের সবার জুড়ী। এই জনপদ নিরাপদ ও সুন্দর থাকলে আমরা সবাই নিরাপদ থাকব, উন্নয়ন হলে তার সুফলও সবাই ভোগ করব।
আরেকটি কথা মনে রাখবেন, দুর্যোগ কিংবা বিপদের সময় কোনো ঝড়-বৃষ্টি বিএনপি, জামায়াত কিংবা এনসিপি দেখে আসে না। বিপদ যখন আসে, তখন দল-মত নির্বিশেষে সবাই আক্রান্ত হই। তখন রাজনৈতিক পরিচয়ের চেয়ে মানুষের পরিচয়টাই বড় হয়ে ওঠে।
তাই আসুন, রাজনৈতিক মতপার্থক্য থাকুক, আদর্শের লড়াই থাকুক, যুক্তি দিয়ে সমালোচনা হোক। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্প্রীতি এবং এলাকার স্বার্থকে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে রাখি। নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে জুড়ীর উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য সবাই একসঙ্গে কাজ করি।
কারণ, জুড়ী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব।
পরিশেষে বলতে চাই, রাজনৈতিক সমালোচনা হোক কাজের, আদর্শের ও সিদ্ধান্তের ভিত্তিতে। কয়েকটি ছবি দিয়ে কাউকে অপমান কিংবা রাজনৈতিকভাবে হেয় করার সংস্কৃতি বন্ধ হোক।
ছবির ঘৃণ্য রাজনীতির অবসান হোক। রাজনৈতিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠিত হোক। সবার আগে আমাদের প্রিয় জুড়ী।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন

