নজরুল কেন আজও প্রাসঙ্গিক?

নজরুল কেন আজও প্রাসঙ্গিক?
সাহান হোসেন::

নজরুল একটি কবিতায় বলেছিলেন, "গাহি সাম্যের গান' যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিষ্টান। গাহি সাম্যের গান।"


কবি কাজী নজরুল ইসলাম তাঁর এই কবিতায় কী বলতে চেয়েছিলেন, তার ভাব উদ্ধার করতে বহুজন লিখেছেন বহু সারকথা। মূলত নজরুল চেয়েছিলেন এমন একটা দেশ, যেখানে মানুষে মানুষে ব্যবধান থাকবে না, কেউ কাউকে নিচু জাতের বলিয়া সে নিজেকে এলিট শ্রেণিতে নিয়া বসাইবে না, সহজ বাংলায় তিনি চাইতেন সমতা। নজরুল কোনো জাতি বা গোষ্ঠীর ছিলেন না। ছিলেন অসহায়ের সাথী, বিপ্লবের বারুদ আর অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিশিখা। কাজী সাহেবের এসব গুণের কথা তো আমরা সবাই জানি। তাহলে এখন আবার বলছি কেন?


নজরুল সবসময় প্রাসঙ্গিক, তাই কবির 'সাম্যবাদী' কবিতাটি প্রসঙ্গে এলো। সম্প্রতি পূর্বের একটি ঘটনার প্রেক্ষিতে কুলাউড়ার একজন জননেতা একটি ভাষণে জুড়ীবাসিকে 'আবাদি' বলে সম্বোধন করেছেন। এ সময় মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকলেও কোনো রূপ প্রতিবাদ করেননি বা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি প্রদান করেননি। জুড়ী এবং কুলাউড়ার সিএনজি স্ট্যান্ডের অভ্যন্তরীণ এই দাঙ্গা এখন রূপ নিচ্ছে দুই অঞ্চলের মানুষের মধ্যে সহিংসতায়।


'আবাদি' শব্দকে এই অঞ্চলের মানুষ তাচ্ছিল্যের বাহক মনে করে। তাই উক্ত জননেতার এই তাচ্ছিল্যের সম্বোধন জুড়ীর মানুষকে আঘাত দিয়েছে। জুড়ীতে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় মানুষের কণ্ঠে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। ৭ নভেম্বর জুড়ী উপজেলার মানুষ প্রতিবাদ সভারও আয়োজন করেছেন।


কিসের ভিত্তিতে জুড়ীর মানুষকে 'আবাদি' বলা হলো, তার আদ্যোপান্ত অনেকেরই জানা। জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাও অঞ্চলের মানুষ মূলত এখানে মাইগ্রেট হয়ে এসেছিল কয়েক যুগ আগে। তাদেরকে হেয় প্রতিপন্ন করে অনেকেই আবাদি বলে ডাকেন।


আবাদি শব্দের দুইটা প্রচলিত এবং আভিধানিক অর্থ বা বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা হচ্ছে 'যারা অন্য জায়গা থেকে এসে বসতি স্থাপন করেছেন'। আরেকটি অর্থ আমরা জানি 'কৃষির উপযুক্ত বা আবাদের উপযুক্ত জমি'। কুলাউড়ার সেই জননেতা 'আবাদি' শব্দটা প্রচলিত অর্থের সহিত সম্বোধন করেছেন।


এক জায়গা থেকে অন্য জায়গায় এসে বসতি স্থাপন করাটা যদি তাচ্ছিল্যের হয়, তবে ঘুরেফিরে সেইটা সৃষ্টিকুলের সকল মানুষের উপরই বর্তায়। আমরা যারা একত্ববাদী খোদায় বিশ্বাসী, তারা নিশ্চয়ই আদম-হাওয়াকে প্রথম নর-নারী হিসেবে স্বীকৃতি দেন। হযরত আদম (আ:) শ্রীলঙ্কায় এসে নিজের প্রথম পদচিহ্ন রাখেন এবং হাওয়া আসেন আরব ভূমির জেদ্দায়। অনেকে বলেন, আদম এবং হাওয়া সাফা-মারওয়াতে অবতীর্ণ হয়েছেন এবং আরাফাতের ময়দানে তাঁদের সাক্ষাৎ হয়েছিল। আমরা তো তাঁদেরই সন্তান। আমরা তো এখন বিশ্বের আনাচে-কানাচে। আমরা তো আর আরবে আবদ্ধ নই। তাহলে কি আমরা সবাই আবাদি নই? ইউসুফ নবি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন এবং মিশরে তিনি তাঁর দ্বীন কায়েম করেছেন। মিশরের মূর্তিপূজারীগণ তখন ইউসুফ নবীর বিরোধিতা করেছিলেন, তিনি মিশরীয় আদি বাসিন্দা নন বলে। যার পদচারণে সিলেট পুণ্যভূমি হয়েছে, সেই দূত এসেছেন ইয়েমেন থেকে। গৌর গোবিন্দ হযরত শাহজালাল (রহ.)-কেও ভিন্নদেশি বলে তাচ্ছিল্য করে নিজে জাতে ওঠার চেষ্টা করেছিল।


একটা জনগোষ্ঠী অন্য জায়গা থেকে এসে বসতি স্থাপন করলেই কি সে তাচ্ছিল্যের আবাদি ডাক শোনার জন্য বাধ্য হয়ে যায়? এই এলিট মহল কি তাহলে পরোক্ষভাবে ইয়েমেন থেকে আসা সিলেটের বাদশাহকে নিজের অজান্তেই তাচ্ছিল্য করছে না? এই এলিট মহল কি তবে গৌর গোবিন্দের উত্তরসূরী নয়?


অন্যকে 'আবাদি', 'ব্যাঙ্গলি' বলে হেয় করে একটা মহল সবসময় চায় নিজেদের উচ্চ শ্রেণির প্রমাণ করতে।

ছোটবেলায় আমরা অনেক ভাবসম্প্রসারণ এবং রচনা পড়েছি, যেখানে সাম্যবাদের বাণী শেখানো হয়েছিল। এই মহল কি তা পড়েনি? জানেনি?


উক্ত ব্যক্তি (খোকন ভূইয়া) হয়তো অজ্ঞতা এবং মূর্খতার বহিঃপ্রকাশ করতে এমন মন্তব্য করেছেন, কিন্তু যারা তাঁর এই মন্তব্যকে সহমত জানাচ্ছেন এবং এই মন্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাদেরকে কোন শ্রেণিতে রাখা উচিত? বাল্যকালে পড়েছি, 'বিবেকহীন মানুষ পশুর সমান।' যে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিতের তফাত বুঝতে পারে না; নেতা যা বলেন তাকে ওহি মনে করে, তারা নিছক বিবেকহীন। আর যে বিবেকহীন সে পশুর সমতুল্য। নিশ্চয়ই মূর্খ ব্যক্তির চেয়ে পশু নিকৃষ্ট। খোকন ভূইয়া (মন্তব্যকারী) পরবর্তীতে তার মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে পারেন, কিন্তু যারা তাকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে তারা কী করবে?


এরা সুযোগের অপেক্ষায় থাকে, কখন কোন ইস্যুতে মানুষকে ছোট করে কথা বলবে। বৃহত্তর সিলেটে বর্তমানে এরকম মানুষ হরহামেশা পাওয়া যাচ্ছে।


নজরুল সাম্যের গান গেয়েছেন বর্বর দশা থেকে এই জাতিকে উদ্ধার করার জন্য। কিন্তু এই দেশের কিছু মানুষ এখনো বর্বরতাকে নিজেদের মহত্বের বহিঃপ্রকাশ ভাবে। সেজন্য নজরুল আজও প্রাসঙ্গিক।


লেখক: সাহান হোসেন, শিক্ষার্থী।


জুড়ীরসময়/ডেস্ক/এএইচ