বিশেষ প্রতিবেদন::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তিনতলা একটি ভবনের ছাদে উঠে দরজা আটকে দেন নাসিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টিলের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল চারটার দিকে জুড়ী উপজেলা সদরের ডাকবাংলো সড়কে এ ঘটনা ঘটে। এর আগে স্বজনেরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে পাশের একটি তিনতলা ভবনের ছাদে উঠে যান।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
জুড়ী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কবিরুল ইসলাম জানান, নাসিম উদ্দিনকে দরজা খুলে নিচে নামার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, প্রায় দেড় বছর আগে তাঁর বসতঘরে আগুন লাগার সময়ও তিনি শৌচাগারে ঢুকে পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ

