জুড়ী নদী থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জুড়ী নদী থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ২ দিন পরে নদী থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক আবুল কালাম বলুচান ৩৫ এর গলা কাঁটা লাশ উদ্ধার করল পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জাঙ্গীরাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম (বলুচান) পেশায় একজন সিএনজি চালক। তার বাড়ি জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড় ধামাই গ্রামে।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তারা লাশটি দেখতে পান। ঘটনার খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সহ বিভিন্নভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় শ্রমিক সংগঠন ও এলাকাবাসী।

নিহত বলুচানের ভাই কামাল উদ্দিন বলেন, আমরা ভাই ১৫ তারিখ গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল, আজ হঠাৎ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে খবর যায় যে আমার ভাইয়ের লাশ এখানে পাওয়া গেছে।

নিউ মার্কেট সিএনজি স্ট্যন্ডের সভাপতি সাইদুর রহমান সুমেল বলেন, আমাদের নিউ মার্কেট সিএনজি স্ট্যান্ডের একজন শ্রমিক ভাই আমার পাশের বাড়ির বলুচান দুই দিন ধরে নিখোঁজ ছিল। আজ তার দেহে অনেক আঘাতের চিহ্নসহ গলাকাটা লাশ পাওয়া গেছে। প্রশাসনের কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ীরসময়/খোর্শেদ/সাইফ