জুড়ীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন এর ইফতার ও আলোচনা সভা

জুড়ীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন এর ইফতার ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন জুড়ী (পুসাজ) কর্তৃক এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার একটি অভিজাত রেস্তোরায় আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো ভ্রাতৃত্ব, ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার এক অনন্য সমাবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-০১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। অতিথিদেরকে এসোসিয়েশনের সেক্রেটারি নাজিমুল নাজিম নাঈমের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও গৌরবান্বিত করে তোলে। উনারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং এলাকার শিক্ষা উন্নয়নে শিক্ষিত তরুণদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

এসোসিয়েশনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চির সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত প্রায় ৩০ জনের অধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এটি ছিলো জুড়ী উপজেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এক চমৎকার প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহি। সংগঠের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্গানাইজিং সেক্রেটারি নিয়ামুল নাজিম নিয়াম।

বক্তারা তাঁদের বক্তব্যে জুড়ী উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন। প্রত্যন্ত একটি উপজেলা হওয়া সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জনে পুসাজের অবদান উল্লেখযোগ্য বলে সবাই একমত পোষণ করেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গাইডলাইন প্রদান, এবং উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টিতে সংগঠনটির কার্যক্রম ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

এছাড়াও বক্তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে একাডেমিক সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, মেন্টরশিপ প্রোগ্রাম এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

সবমিলিয়ে, পুসাজের এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিলই নয়, বরং জুড়ীর শিক্ষার্থীদের স্বপ্ন, ঐক্য এবং ভবিষ্যৎ নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে পরিগণিত হয়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন