নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে উভয় প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, বিএনপি প্রার্থীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমরা চাই অবিলম্বে প্রশাসন আসামীদের গ্রেপ্তার করে জুড়ীতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবে। অন্যথায় এই ঘটনার সকল দায় প্রশাসনকে নিতে হবে।
তবে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠু সংবাদ সম্মেলন করে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান বিষয়টি নিয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি বাড়িতে ছিলাম। হামলার বিষয়টি আমি জানিনা।
এদিকে একটি ভিডিওর মাধ্যমে জামায়াত নেতারা দাবি করেন নাসির উদ্দীন মিঠু হামলায় সরাসরি নেতৃত্ব দেন।
ভিডিওতে দেখা যায়, ৪টি গাড়ি গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা এলাকা থেকে জুড়ীর দিকে যাচ্ছে। গাড়িটিতে নাসির উদ্দীন মিঠু ছিলেন বলে কয়েকজন নিশ্চিত করেন। তবে ভিডিওটি জুড়ীরসময় টিম যাচাই করতে পারেনি।
প্রসঙ্গত, মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে।
হামলার ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির একজন নেতাসহ অন্তত ১০জন মারাত্মক আহত হন। পরে তাদের ৩ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে সিলেট হাসপাতালে পাঠানো হয়।
হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ
