নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে ৪৫ পিস ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তাগাদ (২৫)-কে আটক করেছে পুলিশ। তাগাদ ওই ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নয়াবাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা জানিয়েছেন, জেলা কমিটি কর্তৃক ওই কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
জুড়ী থানার উপ-পরিদর্শক সুবির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
